অনলাইন সাংবাদিকতার প্রসারে খালিদীর ভূমিকা প্রশংসনীয়: হেফাজতে ইসলাম
“তিনি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান।
শনিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
শোকবার্তায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করে সাজিদুর রহমান বলেন, “জ্যেষ্ঠ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক ইন্তেকালের সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশে ডিজিটাল ও বস্তুনিষ্ঠ অনলাইন সাংবাদিকতার সূচনা এবং এর প্রসারে তার ভূমিকা প্রশংসনীয়।
“সাংবাদিকতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ পেশাগত জীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করে বলেন, “মহান আল্লাহ তাআ'লা যেন তাদের এই শোক সহ্য করার শক্তি ও সবর দান করেন।”
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, “মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে স্বীয় রহমতের ছায়ায় আশ্রয় দান করেন।”
ব্যক্তিগত সফরে লন্ডন সফররত তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
