‘বমি করে’ ছিনতাই, ভাগ পায় বাস চালক-হেলপার
চক্রটি নিয়মিতভাবে বাসে এ অপকর্ম চালিয়ে আসছিল বলে পুলিশের ভাষ্য।
রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, তারা বাসের ভেতর যাত্রীর উপর বমি করে ছিনতাই করতেন। আর এ টাকার ভাগ পেতেন কোনো কোনো বাসের চালক ও তার সহকারী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের সড়ক থেকে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার সুমন আল হাসান (২৯) ও আবুল হোসেন (৪০) বাসের ভেতর যাত্রীর উপর বমি করে ‘বিশেষ কৌশলে’ টাকা ছিনতাই করেন।
“তাদের সঙ্গে কিছু গাড়ি চালক ও হেলপার জড়িত। তাই ছিনতাইকৃত টাকার একটি অংশ তাদেরও দিতে হয় বলে জিজ্ঞাসাবাদে তারা বলেছেন।”
গ্রেপ্তাররা ‘চিহ্নিত’ ছিনতাইকারী জানিয়ে তিনি বলেন, “তাদের গ্রুপে ৫ জন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করেন। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করেন। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরেন। এরপর একজন তার উপর বমি করে দেন।
“এসময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করলে বাকি দুইজন কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল হাতিয়ে নেন।”
ওসি মহসীন বলেন, “এক্ষেত্রে কেউ যদি তাদের কাউকে দেখে ফেলে বা ধরে ফেলে, তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান।
“আর কেউ ধরা খেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়ে পালিয়ে যান।”
চক্রটি নিয়মিতভাবে বাসে এ অপকর্ম চালিয়ে আসছিল জানিয়ে তিনি বলেন, “এর ফলে বেশ কিছু বাসের চালক ও তাদের হেলপার তাদেরকে চেনে। তারা এই ছিনতাইকারীদের সহযোগিতা করত এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দিত। এর বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারীরা।”
পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, একই কায়দায় শুক্রবার রাতে বাসে ওঠে ‘বমি পার্টির’ সদস্যরা। তাদের একজন এক যাত্রীর মাথায় বমি করে দেন। এরপর চক্রের বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তখন এক ছিনতাইকারীকে ধরে ফেলেন ভুক্তভোগী। এসময় ভুক্তভোগীকেই মারধর শুরু করেন ছিনতাইকারীরা। অন্য যাত্রীরা এগিয়ে এলে চক্রের তিনজন পালিয়ে যান, ধরা পড়েন সুমন ও আবুল।
ওসি মহসীন জানান, তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।
