২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২১ অগাস্টে ঢাকার কিছু সড়কে যান চলাচল যেভাবে

এদিন সকাল থেকে এসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি। কোন কোন সড়কে ডাইভারশন থাকবে সেটিও জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 08:16 PM

Updated : 20 Aug 2023, 08:16 PM

ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও আশপাশের সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকবে সোমবার।

এদিন সকাল থেকে এসব সড়ক এড়িয়ে চলাচলের জন্য বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোন কোন সড়কে ডাইভারশন থাকবে সেটিও জানানো হয়েছে।

২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে সকাল ৯টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হবে। এরপর বেলা সোয়া এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা রয়েছে।

রোববার এজন্য ট্রাফিক নির্দেশনায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় ‘ট্রাফিক ডাইভারশন’ চলবে। এসময়ে গণপরিবহন ও জনসাধারণকে চলাচলের জন্য বিকল্প পথ বেছে নেওয়ার জন্য বলা হয়েছে।

এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারে ঢাকার কদমফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিংগেল ক্রসিং, ফুলবাড়ীয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

বিকল্প রুট
>> যে সমস্ত যানবাহন সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্থানে আসবে সেই সমস্ত যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজউক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

>> রামপুরা, মৌচাক থেকে আসা শান্তিনগর-রাজমনি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হতে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

>> শাহবাগ, মৎস্য ভবন থেকে আসা গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-পুরাতন হাইকোর্ট-সরকারি কর্মচারী হাসপাতাল-বঙ্গবাজার-ফুলবাড়ীয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

>> সদরঘাট, কেরানীগঞ্জ থেকে আসা গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়ীয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার-চাঁনখার পুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।