বকশীবাজারে কভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু
আহত অবস্থায় নিজের নাম ছাড়া আর কোনো তথ্য দিয়ে যেতে পারেননি ওই যুবক।
রাজধানীর বকশীবাজার এলাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই যুবকের নাম আরিফ। বুধবার রাত ১টার দিকে বকশীবাজার মোড়ে তিনি দুর্ঘটনায় পড়েন।
ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার পর বাপ্পী নামের এক তরুণ আহত আরিফকে হাসপাতালে নিয়ে আসেন রাতে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
“আহত অবস্থায় সে শুধু তার নাম বলতে পেরেছে। তার ঠিকানা আমরা জানতে পারিনি।”
পুলিশ আরিফের পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার জন্য দায়ী গাড়িটিও শনাক্তের চেষ্টা চালাচ্ছে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।
