পূর্বাচলে ‘মই থেকে পা ফসকে’ শ্রমিকের মৃত্যু
নিহতের বাড়ি ফরিদপুরে; তিনি নির্মাণাধীন একটি ভবনে কলমিস্ত্রির কাজ করছিলেন।
ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা ফসকে এক শ্রমিকের মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
নিহতের নাম তাজিম মোল্লা (২২)। তিনি স্যানিটারির কাজ করতেন।
তাজিমের মামি শারমিন আক্তার বলেন, রোববার রাতে পূর্বাচলে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় তার ভাগ্নে পা ফসকে মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে শুরুতে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখান থেকে রাত ১১টার দিকে তাজিমকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিন বলেন, নিহতের বাবার নাম ইয়ামিন মোল্লা। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও তথ্য দেন তিনি।
