০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আরফানুল হক বেঁচে থাকবেন তার কর্মে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।

আরফানুল হক বেঁচে থাকবেন তার কর্মে: প্রধানমন্ত্রী

আরফানুল হক রিফাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 10:52 PM

Updated : 13 Dec 2023, 10:52 PM

কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে শোক বার্তায় রিফাতের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান বলে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তা বলা হয়েছে।

সরকারপ্রধান বলেন, “আরফানুল হক তার কর্মের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তার।

শ্বাসকষ্ট হওয়ায় সোমবার সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান। এক দিন পর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে হৃদরোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।

গত বছর ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন রিফাত।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুইবারের সাধারণ সম্পাদকের ছিলেন। এ ছাড়া ১৩ বছর ধরে তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলেছেন।