২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

সংযোগ ও ডিজিটাল সেবা দিতে পুলিশের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

“পুলিশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ এবং প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা দিয়ে তাদের সহায়তা করা হবে,” বলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 05:47 PM

Updated : 24 Sep 2026, 05:47 PM

পুলিশের অফিসিয়াল মোবাইল নম্বরে সংযোগ ও অন্যান্য ডিজিটাল সেবা দিতে এ বাহিনীর সঙ্গে দশ বছরের চুক্তি করেছে গ্রামীণফোন।

অনলাইন জিডি ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের মত প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য সংযোগ ও সংশ্লিষ্ট সহায়তা দেওয়া হবে চুক্তির আওতায়।

বৃহস্পতিবার গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন ও গ্রামীণফোনের হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেস হেলাল উদ্দিন আহমেদ সম্পতি চুক্তিতে স্বাক্ষর করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব পুলিশের যোগাযোগ ও ডিজিটাল সেবার চাহিদা মেটাতে সহায়ক হবে।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “এই অংশীদারত্বে আমাদের লক্ষ্য হল পুলিশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ এবং প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা দিয়ে তাদের সহায়তা করা।”

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন।