শাপলা চত্বর মামলা: হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন রাষ্ট্রপক্ষের
কোনো আসামি আদালতে আসতে অস্বীকৃতি জানালে তার বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মতিঝিলের শাপলা চত্বরে তের বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বিচার শুরুর আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন জানান।
প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে আনা পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান এবং মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে ‘স্বৈরশাসক’ হয়ে ওঠেন, শুনানিতে তারও বর্ণনা দেন তিনি।
শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আদালতে ১১ আসামি, হাতকড়া নিয়ে উত্তাপ
এ মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তারা হলেন— সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল এবং একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাদের প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া পরাতে যান দায়িত্বরত এক পুলিশ সদস্য। তাতে আপত্তি জানিয়ে তিনি বলেন, “আমি এসব পরব না। কোন আইনে আছে?”
এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামান পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।”
শুনানিতে দেরি, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ
প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম আদেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিয়াউল আহসানের কারণে শুনানি শুরু করতে দেরি হয়েছে।
“জিয়াউল আহসান সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান। পরে বিশেষ নিরাপত্তায় তাকে আনা হয়। তার কারণে দুপুর ২টার দিকে শুনানি শুরু হয়।”
আমিনুল ইসলাম বলেন, “জিয়াউল আহসান কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কখনো খাবার, কখনো ওয়াশরুমে যাওয়ার কথা বলে সময়ক্ষেপণ করেন। পরে বিশেষ পাহারায় তাকে ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়।”
চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষে, বিশেষ করে জিয়াউল আহসানের পক্ষ থেকে অন্য আসামিদের সঙ্গে একত্রে আদালতে আসার আবেদন করা হয়েছিল। তার এ ধরনের আচরণের কারণে আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করে রাষ্ট্রপক্ষ।
ভবিষ্যতে এ ধরনের আচরণ ‘সহ্য করা হবে না’ বলেও সতর্ক করেন তিনি।
দুই অভিযোগে ৫২ জনকে হত্যার বিবরণ
এ মামলায় দুটি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ৬ মে ভোর ৫টা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বর ও আশপাশের এলাকায় ২৮ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে ৩২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া অনেককে হত্যার উদ্দেশ্যে নির্যাতন ও গুরুতর জখম করার অভিযোগ আনা হয়েছে, যা ‘গণহত্যার শামিল’ বলে দাবি রাষ্ট্রপক্ষের।
যে ২৮ জন নিহত হওয়ার তথ্য অভিযোগপত্রে এসেছে, তারা হলেন— মো. ইশা হক আলী, হাফেজ মো. মাহমুদ হাসান জুবায়ের, আবু বকর সিদ্দিক, মো. আব্দুল ওয়াহাব মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মুক্তার মিয়া, কাজী মো. রাকিবুল হক, আল-আমিন, মো. নজরুল ইসলাম, দ্বীন ইসলাম মীর, মাওলানা মো. ইউনুস আলী, সাদ্দাম হোসেন, মো. সাইদুল ইসলাম ওরফে সাইদুল বারি (আবু সাঈদ রহ. সাইদুল ইসলাম), মোহাম্মদ আকবর হোসেন, মো. ইব্রাহিম খলিল, নাহিদ সিকদার ওরফে আবু হানিফ, মো. ইউনুস মোল্লা, মো. মোয়াজ্জেমুল হক, মাওলানা সিহাব উদ্দিন, মো. মাহমুদ হাছান, মো. আনোয়ার শাহ, মো. সজীব রায়হান রাজা ওরফে ফরহান রহমান রাজা, আলমগীর, একেএম রেহান আহসান, মো. হারুন অর রশিদ (মো. হারুন খান), মাওলানা আমিরুল ইসলাম, মো. কামাল উদ্দিন খান এবং মো. সাইফুল ইসলাম।
এ ঘটনায় নিখোঁজ থাকা চারজন হলেন— আতাউর রহমান, মো. সেকিন্দার, মো. রবিউল ইসলাম এবং মো. শরিফ।
দ্বিতীয় অভিযোগে ৬ মে সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ২০ জনকে হত্যার ঘটনার কথা বলা হয়েছে।
তারা হলেন— মো. ছাদেক মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মো. রুহুল আমিন, মো. সুমন মোল্লা, সাইদুল ইসলাম, হাবিবুল্লাহ, আবু বকর সিদ্দিক, মো. সাইফুল, আব্দুল হান্নান, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আমিনুর রহমান, বাবু গাজী, মাসুম খান, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, মো. মারজানুল ইসলাম সৌরভ, কাজী আলিম উল্লাহ ফারুক, নাজির আহমদ, মোহাম্মদ নিজামুল হক, মো. ওসমান গণী ওরফে বাঁধন এবং আব্দুল গফুর।
অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের অভিযান থেকে পালিয়ে যাওয়া বিক্ষুব্ধ জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর সেখানে হামলা চালানো হয়। তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ‘নির্দেশে’ পুলিশ ও বিজিবি সদস্যরা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিরীহ ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এ হত্যাকাণ্ড ঘটায়।
‘অপারেশন ফ্ল্যাশ আউট’
রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, হেফাজতে ইসলামকে ‘নির্মূল’ করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশে’ ৫ মে রাত ১০টায় পুলিশ কন্ট্রোল রুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সভা হয়।
তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে ওই সভায় শাপলা চত্বরে অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হয়।
অভিযোগ অনুযায়ী, পুলিশ এই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিকিউরড শাপলা’, র্যাব (বর্তমান এসআরবি) নাম দিয়েছিল ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ এবং বিজিবি নাম দিয়েছিল ‘অপারেশন ক্যাপচার শাপলা’। তবে এটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামেই বেশি পরিচিতি পায়।
অভিযানের নৃশংসতা যাতে জনসম্মুখে প্রকাশ না পায়, সে জন্য ৫ মে দিবাগত রাতে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের লিখিত নির্দেশে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
সেখানে বলা হয়েছে, রাত আড়াইটার দিকে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়। এরপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও ‘প্রাণঘাতী অস্ত্র’ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘নিরীহ মানুষের ওপর অভিযান’ চালায়।
‘রাতের আঁধারে চালানো হত্যাকাণ্ডের প্রমাণ নষ্ট করতে’ ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের গাড়ি দিয়ে পানি ঢেলে এলাকা পরিষ্কার করার অভিযোগও এনেছে রাষ্ট্রপক্ষ।
গণমাধ্যমে ঘটনা ধামাচাপার অভিযোগ
শাপলা চত্বরের ‘হত্যাকাণ্ড’ গণমাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা তাদের ‘সমীকরণ’ অনুষ্ঠানের মাধ্যমে ‘সরকারি বয়ান প্রতিষ্ঠা এবং হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা’ করেছিলেন।
এ ছাড়া তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঘটনার আগে ও পরে হেফাজতে ইসলামকে ‘তালেবানের সঙ্গে তুলনা করে উসকানিমূলক বক্তব্য’ দেন এবং বিদেশি কূটনীতিকদের ‘বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেন’ বলে অভিযোগে বলা হয়েছে।
পলাতক আসামিরা
এ মামলায় মোট ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার আছেন; বাকি ৩০ জন পলাতক।
তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পলাতক সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এডিসি এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন এডিসি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার তৎকালীন ওসি বিএম ফরমান আলী।
মামলার পূর্বাপর
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ অগাস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। পরে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
গত ৩ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শাপলা চত্বরের ঘটনায় ৩২ জনের প্রাণহানির তথ্য দেয়। এরপর গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের অসুস্থতার কারণে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে বৃহস্পতিবারের দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।
এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় আদালত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের ঠিকানায় গিয়ে সন্ধান না পেয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট জমা দিলে, ১৬ সেপ্টেম্বর পলাতক বিবেচনায় তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।
ভার্চুয়াল শুনানির আবেদন
কোনো আসামি আদালতে আসতে অস্বীকৃতি জানালে তার বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান কৌঁসুলি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯(ক) ধারা, বিধিমালার ৪৬(ক) ও ৫৭ বিধি এবং ২০২০ সালের আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন উল্লেখ করে আবেদন জানানো হয়েছে। কোনো আসামি অজুহাত দেখিয়ে আদালতে আসতে না চাইলে তার শুনানি ভার্চুয়ালি নেওয়ার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।
আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের বক্তব্যের সঙ্গে একমত হয়েছে। তবে এ বিষয়ে আগামী শুনানিতে আদেশ দেওয়া হবে।
