ঢাকায় ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু
আনুমানিক ৩৫ বছর বয়স্ক ওই ব্যক্তির নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে থেকে এক রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে; অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। তার পরনে ছিল চেক হাফ শার্ট ও লুঙ্গি।
শাহবাগ থানার এসআই বেলায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অমর একুশে হলের সামনের ফুটপাথ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত বলে জানান।
চিকিৎসক ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে এসআই বেলায়েত বলছেন, “হিটস্ট্রোক করে বা অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। লোকটি রিকশা চালাতেন বলে স্থানীয় লোকজন পুলিশকে জানালেও তার নাম বলতে পারেননি কেউ।”
