০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অন্যকে দিয়ে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ধরা

রোববার ভূমি মন্ত্রণালয়ে যোগ দিতে এলে বিষয়টি ধরা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 07:39 PM

Updated : 04 Oct 2026, 07:39 PM

অন্যকে দিয়ে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা দেওয়ার অভিযোগে মাইদুল ইসলাম নামের একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ১১ থেকে ২০তম গ্রেডের সাতটি ক্যাটাগরিতে ৩৭টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষে গত ১৩ অগাস্ট চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হয়।

নিয়োগপত্রের নির্দেশাবলি ও শর্তানুযায়ী গত ১ অক্টোবর মোট ৩৪ জন প্রার্থী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করেন।

প্রারম্ভিক সত্যতা যাচাই শেষে রোববার যোগদানকারী কর্মচারীদের ছবি, পরিচয় ও অন্যান্য নথিপত্র পুনরায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

এ সময় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাইদুল ইসলামের পরীক্ষায় উপস্থিতি নিয়ে সন্দেহ হয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবি ও শারীরবৃত্তীয় তথ্যের সঙ্গে উপস্থিত ব্যক্তির চেহারার স্পষ্ট অমিল রয়েছে।

এ ছাড়া মৌখিক পরীক্ষায় সংগৃহীত হাতের লেখার নমুনার সঙ্গে উপস্থিত ব্যক্তির হাতের লেখা মেলাতে গিয়েও বড় ধরনের গরমিল ধরা পড়ে।

সার্বিক উপাত্ত ও অনুসন্ধানে মন্ত্রণালয় নিশ্চিত হয়, মূল প্রার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরে জালিয়াতির মাধ্যমে মাইদুল যোগদানের চেষ্টা করেন।

পরে তাকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।