Published : 17 Sep 2026, 02:50 PM
রাশিয়ায় পৃথক অগ্নিদুর্ঘটনায় প্রাণ হারানো দুই বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার ভোর ৫টা ১৮ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে তাদের লাশ পৌঁছায় বলে জানিয়েছেন সেখানকার প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম।
ওই দুই শ্রমিক হলেন—কুড়িগ্রামের রৌমারী উপজেলার মমিনুল ইসলাম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার শফিকুল ইসলাম।
মস্কোর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান জানান, এলএলসি সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপের শ্রমিক মমিনুল ইসলাম গ্যাস পাইপলাইনের পরীক্ষা চলাকালে বিস্ফোরণে প্রাণ হারান।
অন্যদিকে ‘জভেজদা শিপবিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি’তে আগুনে দগ্ধ হয়ে মারা যান শফিকুল ইসলাম।
প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার মস্কো থেকে তাদের মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
গত ২৫ অগাস্ট রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়কমূলক অংশে শুরু হওয়া সেই আগুনে মোট ১৫ জন প্রাণ হারান এবং ৩৬ জন বাংলাদেশি শ্রমিক আহত হন।
ওই দুর্ঘটনায় নিহত মোট চার বাংলাদেশির মধ্যে কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন এবং মেহেরপুরের গাংনীর আলাল হোসেন রাজুর মরদেহ গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছায়। গত সপ্তাহে আসে ওই ঘটনায় নিহত আব্দুল কুদ্দুসের মরদেহ।
চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মমিনুল ইসলামের মরদেহ সবশেষ বৃহস্পতিবার ভোরে দেশে পৌঁছাল।