১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢামেকে এসআরবির অভিযানে ১১ দালাল গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা

বুধবার বিকালে হাসপাতাল এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:43 AM

Updated : 12 Nov 2026, 12:42 AM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার অভিযোগে ১১ দালালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩।

এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের এ দিন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাসপাতাল এলাকায় মেজর নাঈমের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিছু দালাল চক্রের কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা নিয়মিত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসআরবি-৩ এর অধিনায়ক মেজর নাঈমের নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হাতেনাতে ১১ দালালকে গ্রেপ্তার করে।

পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট অপরাধীদের স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন।