লালবাগে বধির স্কুলের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু
“জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও ডিএসসিসির সম্মিলিত উদ্যোগে স্কুলের এক একর জমি উদ্ধার করা হয়েছে,” বলেন আবদুস সালাম।
লালবাগে ঢাকা সরকারি বধির হাই স্কুলের উদ্ধার হওয়া জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার লালবাগ বেড়িবাঁধ সড়কের সংস্কারকাজও শুরু হয়।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এসব কাজ উদ্বোধন করেন বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সীমানাপ্রাচীরের উদ্বোধনীতে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং ডিএসসিসির সম্মিলিত উদ্যোগে বধির স্কুলের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এ জায়গায় দ্রুত সীমানাপ্রাচীর ও পরে স্কুল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুলের নতুন ভবন নির্মাণের আলোচনা চলছে জানিয়ে আবদুস সালাম বলেন, মন্ত্রণালয় উদ্যোগ না নিলে ভবিষ্যতে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ভবনটি নির্মাণ করা হবে।
বধির শিক্ষার্থীদের সিটি করপোরেশনে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এসব উদ্বোধনীতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
