সাবেক এমপি সাদেক খান ৪ দিনের রিমান্ডে
শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে সাদেক খানকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুজন নামের এক ট্রাকচালককে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে চার দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
রোববার সাদেক খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রশিদুল আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে সাদেক খানকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২০ জুলাই ট্রাকচালক সুজনকে গুলি করে হত্যার অভিযোগে গত ২২ অগাস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহতের ভাই মো. রফিকুল ইসলাম।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর
থানার বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামিদের সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হামলা চালানো হয়। হত্যার শান্তিপূর্ণ মিছিলে ওপর গুলিবর্ষণ করা হয়।
ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় তাকে গুলি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
