২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬তম বিসিএস : ‘শ্রুতিলেখকের’ আবেদন ১০ এপ্রিলের মধ্যে

আট বিভাগে একযোগে লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ৮ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2025, 07:15 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাদের আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

অফিস চলাকালীন সচিবালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) কাছে এ আবেদন করতে হবে। 

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ৮ মে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা নেবে পিএসসি।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে হবে। আবেদন না পেলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না।”

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি বলেছে, শ্রতিলেখকের আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্র, প্রবেশপত্র, প্রার্থীর দুই কপি পাসপোর্ট আকারের ছবি ও প্রতিবন্ধিতার প্রত্যয়নপত্র জমা দিতে হবে। 

শ্রুতিলেখকের আবেদনকারীকে কেবল পিএসসির অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। 

প্রিলিমিনারির ফল প্রকাশ হয় গত বছরের ৯ মে; উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু অগাস্টের পট পরির্তনের কারণে তা স্থগিত হয়ে যায়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমানসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের প্রিলিমনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।

এরপর গত ২৭ নভেম্বর আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।