সিলেটের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়েই বইছে। তবে তিন দিনের মধ্যে এ নদী লাগোয়া নিচু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে বর্তমানে কেবল ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।
গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী দুই দিন এ ধারা অব্যাহত থাকতে পারে এবং তৃতীয় দিন তা স্থিতিশীল হতে পারে।
গেল একদিনে ব্রহ্মপুত্র-যমুনার পানি হ্রাস পেয়েছে, এ প্রবণতা আগামী তিন দিন পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মার পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে গোমতী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধারাবাহিকভাবে দুর্বল হতে পারে।
