দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে ববি হাজ্জাজের তাগিদ
“উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হল শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতকরণ ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিকরণ।”
কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে মানুষকে যাতে সমস্যার মুখোমুখি হতে না হয়, সেজন্য দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।"
মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনি ইশতেহারে শিক্ষার ভিশন (রূপকল্প) হিসাবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যেটির সাথে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন সামঞ্জস্যপূর্ণ।
"উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হল শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতকরণ ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিকরণ। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম।"
দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও মন্তব্য করে তিনি।
এ খাতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে
তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।
