আন্দোলনে আহতদের দেখে গেল চীনের চিকিৎসক দল
“যদি প্রয়োজন হয়, তারা বিশেষজ্ঞ দলকও পাঠাবে বলে জানিয়েছেন,” বলেন স্বাস্থ্যের অতিরিক্ত সচিব হেলাল।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দেখে গেল চীনের চিকিৎসকদের প্রতিনিধি দল।
চলতি সপ্তাহে ঢাকায় এসে তিন দিনে প্রতিনিধি দলটি পাঁচটি হাসপাতালে চিকিৎসাধীন ১৬০ জনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. হেলাল উদ্দীন বলেন, “বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করার পর চীন সরকার খবু দ্রুত এতে সাড়া দেয়।
“আমাদের অনুরোধের ২৪ ঘণ্টার মধ্যে টিম গঠন এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তারা বাংলাদেশে চলে এসেছে। চীন সরকারের যে আন্তরিকতা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ।”
তিনি বলেন, “পরিদর্শনকালে তারা বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন। ১০৫ জনের মধ্যে কয়েকজন বেশ মারাত্মক, চীন ফিরে আরও প্রয়োজনীয় পর্যবেক্ষণ তারা পাঠাবেন। যদি প্রয়োজন হয়, তারা বিশেষজ্ঞ দলকও পাঠাবে বলে জানিয়েছেন।”
সরকারি হিসাবে আহতের সংখ্যা কত, জানতে চাইলে হেলাল বলেন, অন্তত ২৫ হাজার মানুষ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া গণ অভ্যুত্থানে আহত হয়েছেন। সাত শতাধিক মানুষ নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের এই সংখ্যাটি চূড়ান্ত নয়।
“৮ থেকে ১০ জন নার্ভ ইঞ্জুরির রোগী রয়েছে। এছাড়া বুলেট ইনজুরি, চোখে ইনজুরি, চেস্ট ইনজুরি নিয়ে রোগীরা এখানে রয়েছে। কারও চোখে, বুকে, নার্ভে ইনজুরি হয়েছে। ২৯ জনের হাত-পা কেটে ফেলতে হয়েছে। চীনের প্রতিনিধি দল বাংলাদেশের চিকিৎসা পদ্ধতিতে সহমত পোষণ করেছে।”
