সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যত নির্ধারণ সংসদে: সালাহউদ্দিন আহমদ
“সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকার পরও যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে জাতীয় সংসদে ‘আলাপ আলোচনার মাধ্যমেই’তা করতে হবে, তবে সেটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের এই অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, "আগামী ১২ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সেখানে সংসদ সদস্য হিসাবে আমরা যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসাবে যোগদান করব।
“এর বাইরে সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকার পরও যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু জাতীয় সংসদে তারা সে হিসেবে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র সংসদ সদস্যরাই অংশগ্রহণ করতে পারবেন।"
দীর্ঘ এক বছরের আলোচনা, সংলাপ ও তর্কবিতর্কের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো নিয়ে জাতীয় সনদ চূড়ান্ত করা হয়, যা স্বাক্ষর হয় গত বছরের ১৭ অক্টোবর। তবে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।
এরপর গতবছর ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা হয়, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে এই আদেশ জারির পর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা সংবিধান সংস্কার বিষয়ে সব ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সেজন্য নির্বাচিত সংসদ সদস্যরা আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের ওপর বর্তানোর কথা ছিল। কিন্তু নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা ১৭ ফেব্রুয়ারি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিলে শুরুতেই জটিলতা দেখা দেয়।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ সেদিন শপথ ফর্ম তুলে ধরে বলেছিলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে এবং কোনো এরকম ফর্ম—এটা সংবিধানে নেই।”
বিএনপি সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১১ দলীয় জোট থেকে নির্বাচিতরা প্রথমে শপথ নিতে না চাইলেও পরে দুই শপথই নেন। বিএনপির ভূমিকার জন্য তারা কঠোর সমালোচনা করেন।
সোমবার সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা মাঠে ময়দানে হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনারে, বা... সেটি একটি রাজনৈতিক অধিকার হিসাবে তারা বলতে পারে। কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না।"
তিনি বলেন, “গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেটি জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে।
“সেই ক্ষেত্রে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংবিধানে সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া হবে কি না, কারা শপথ গ্রহণ করবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, এগুলো সব ধারণ করতে হবে। এগুলো দীর্ঘ প্রক্রিয়া। আলাপ আলোচনার বিষয়।"
এ বিষয়ে হাই কোর্টে একটি রিট মামলা হওয়ার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "ইতোমধ্যে আমি জানতে পেরেছি আজকে হাই কোর্টে একটা রিট পিটিশন মুভ হয়েছে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার আদেশ ২০২৫) নামে যে আদেশটি হয়েছিল, সেটি সংবিধানের ভায়োলেশন হয়েছে অথবা এটি বৈধ নয় বলে দাবি করে রিট দাখিল হয়েছে।… দেখা যাক বিচার বিভাগ থেকে কী মতামত আসে।"
আদালতের আদেশ হলে সেটাও যে জাতীয় সংসদে আলোচনায় নেওয়া যাবে, সে কথা তুলে ধরে তিনি বলেন, "এসব বিষয় নিয়ে আইনানুগভাবে, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব কিছু বিবেচনা হবে, এটাই গণতান্ত্রিক চর্চা।"
সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর চিঠি পাঠানোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, "চিঠি দিতেই পারে। কিন্তু আমাদের সংবিধান কী বলে?
“সংসদে বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটা এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, সুতরাং সে হিসাবে হবে।”
তিনি বলেন, “কেউ যদি দাবি করে যে এটা সংবিধানে সংযোজন করা হোক যে রাষ্ট্রপতি আর ভাষণ দেবেন না, সেটা তখন দেখা যাবে।”
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া ১৩৩টি অধ্যাদেশের কোনটি গৃহীত হবে, কেনটি হবে না, সে বিষয়েও সংসদে বসে আলোচনা হবে।
