Published : 10 May 2026, 01:46 PM
সাবেক আওয়ামী লীগ সরকারের সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা আসাদুজ্জামান নূরকে চব্বিশের আন্দোলন কেন্দ্রিক দুই হত্যা মামলায় জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
জেড আই খান পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দুটি মামলায় তিনবার শুনানি করেছি। আগে জামিন প্রশ্নে রুল দিয়েছিল। আজ রুল অ্যাবসলিউট (যথাযথ) করেছে।”
তবে নূরের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন এই জ্যেষ্ঠ আইনজীবী।
দুই হত্যা মামলার মধ্যে একটির নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুরে সিয়াম সরদার (১৭) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর এই মামলা দায়েরকরেন। এই মামলায় আসাদুজ্জামান নূরেরও নাম রয়েছে।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই নূরের বিরুদ্ধে নীলফামারীতে আরও দুটি হত্যা মামলা দায়ের হয়। একটিতে ২০১৪ সালে একটি ‘হত্যাকাণ্ডের’ জড়িত থাকার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
২০১৪ সালে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির নেতা গোলাম রব্বানীকে হত্যার অভিযোগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে মামলাটি করেন তার স্ত্রী শাহানাজ বেগম।
এছাড়া গেল বছর গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূর।
এই আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মত নৌকা প্রতীকে সংসদ সদস্য হন তিনি। এরপর আরও চারটি নির্বাচনে জয় জান।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জেতার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৪৬ সালে ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্ম তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাম রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরে পুরো মনোযোগই দেন নাট্য আন্দোলনে।
অভিনয়শিল্পী ও আবৃত্তিকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া নূর ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও ৯০ এর দশকে আওয়ামী লীগে যোগ দেন।
আসাদুজ্জামান নূরকে ১৮ মাস আটক রাখা নিয়ে প্রশ্ন মেয়ের
দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর
'অবৈধ সম্পদ': আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা
আসাদুজ্জামান নূরের চার ফ্ল্যাট ও জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ