Published : 30 Jul 2025, 06:20 PM
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দেড়শ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক আজিজুল হক সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বুধবার মামলা করেন বলে উপপরিচালক মো. আকতারুল ইসলাম তথ্য দিয়েছেন।
এজাহারে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন ও নিজের দখলে রাখার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তার নামে থাকা ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও করা হয়েছে।
এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে নথিপত্র ও তথ্য পর্যালোচনায় দেখা যায় আসাদুজ্জামান নূর মোট ২৯ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক। ২০০৩-০৪ করবর্ষ হতে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার বৈধ আয় ছিল ৩২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা এবং পারিবারিক ব্যয় ছিল ৯ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৭৬১ টাকা। এতে তার নিট সঞ্চয় দাঁড়ায় ২৩ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৯২৭ টাকা। কিন্তু অর্জিত সম্পদের মধ্যে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি, যা ‘অসাধু উপায়ে’ অর্জিত বলে প্রতীয়মান হয়।
দুদক বলছে, তার ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসহীন ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনের তথ্য রয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।
নীলফামারী-২ আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মত নৌকা প্রতীকে সংসদ সদস্য হন তিনি। এরপর আরও চারটি নির্বাচনে জয় পান।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জেতার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আর দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাম রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরে পুরো মনোযোগই দেন নাট্য আন্দোলনে।
অভিনয়শিল্পী ও আবৃত্তিকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া নূর ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও ৯০-এর দশকে আওয়ামী লীগে যোগ দেন।
২০২৪ সালের ৫ অগাস্টে সরকার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ধারাবাহিক গ্রেপ্তারের মধ্যে ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার বেইলি রোডে নওরতন কলোনির বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন-
বেইলি রোডের বাসা থেকে গ্রেপ্তার আসাদুজ্জামান নূর