Published : 16 Apr 2026, 09:52 PM
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হাই কোর্ট পর্যন্ত গড়ানো এ নিয়োগ পরীক্ষায় বসতে যাচ্ছেন প্রায় ৫৩ হাজার প্রার্থী।
রাজধানীর নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে এমসিকিউ পদ্ধতির এই লিখিত পরীক্ষা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।
ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন সংস্থার আইন ও সমন্বয় শাখার সহকারী পরিচালক লুৎফর রহমান।
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
এবারই প্রথম এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চলছে।
লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। উত্তীর্ণ প্রার্থীদের ৮ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বাকি ১২ নম্বর থাকবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্য পদে নিয়োগের পরীক্ষা দিতে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।
৩ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়ে চলে গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
৮০ হাজারের বেশি শিক্ষকের আবেদন গ্রহণের পর এমপিও নীতিমালাও সংশোধন করে এসব পদে নিয়োগের যোগ্যতা সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়।
আগে এসব পদের নিয়োগ পেতে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও নতুন বিধান অনুযায়ী, এসব পদে নিয়োগ পেতে এখন থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
পরে গত ২৫ মার্চ নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ।
আগের বিজ্ঞপ্তি বাতিল করে জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপারের শূন্যপদের সংখ্যা কমে ৬০৮টি।
২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আবারও আবেদন গ্রহণ করা হয়, জমা পড়ে ৫৩ হাজার ৫৯টি আবেদন।
এদিকে তবে সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট আবেদন করেন।
বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাই কোর্ট বেঞ্চ পরীক্ষা স্থগিতের আদেশ দেন।
দুই মাসের জন্য পরীক্ষা স্থগিতের পাশাপাশি ২৫ মার্চ জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিতের আদেশ আসার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রিটকারীদের আইনজীবী হুমায়ুন কবির বুলবুল।
অন্যদিকে এনটিআরসিএ কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিক্ষকদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট পরীক্ষা স্থগিতের আদেশ দিলেও একই দিন আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করেছে।
“তাই আগের সূচি অনুযায়ী শনিবার রাজধানীর নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।”
পরীক্ষার সূচি ইতোমধ্যে এনটিআরটিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলে তুলে ধরে লুৎফর রহমান, “প্রার্থীরা নিজে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরে তা প্রিন্ট করে পরীক্ষায় অংশ নেবেন। কোন ভেন্যুতে পরীক্ষা হবে তা প্রবেশপত্রে উল্লেখ আছে।”
আগের খবর:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান: ৮০ হাজার আবেদন, পরীক্ষা ১৭-১৮ এপ্রিল
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: আবেদন গ্রহণের পর যোগ্যতা সংশোধন, ক্ষোভ
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে এবার সংশোধিত বিজ্ঞপ্তি, পদও কমল
এমপিও প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার প্রধান ও সহপ্রধান নিয়োগের বিজ্ঞপ্