Published : 25 Mar 2026, 09:37 PM
আবেদন গ্রহণ শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের যোগ্যতা সংশোধনের পর এবার এ নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।
আগের বিজ্ঞপ্তি বাতিল করে বুধবার জারি করা সংশোধিত বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপারের শূন্যপদের সংখ্যা কমেছে ৬০৮।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের সাড়ে ১৩ হাজার শূন্য পদে নিয়োগ দিতে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। তখন পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৭-১৮ এপ্রিল।
৩ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়ে চলে গত ২৬ ফেব্রুয়ারি। ৮০ হাজারের বেশি শিক্ষক এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেন।
সংশোধিত বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের অধিদপ্তরভিত্তিক শূন্যপদে পুনরায় অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
এনটিআরটিসিএ বলেছে, “ইতোমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের চ্যানেল ফি কেটে তা অনলাইন ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
নতুন বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের অধীনে ১২ হাজার ৯৫১ শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অধীনে ৯৭০৮, কারিগরি অধিদপ্তরের অধীনে ১১২ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩১৩১টি পদ।
এনটিআরসিএ বলেছে, আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ করা হবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি ৩৫০ টাকা। ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষার সময় এক ঘণ্টা।
তার আগে গেল ১১ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের যোগ্যতা সংশোধন করা হয়।
এসব পদে নিয়োগ পেতে এখন থেকে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হতো।
আগের খবর:
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: আবেদন গ্রহণের পর যোগ্যতা সংশোধন, ক্ষোভ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান: ৮০ হাজার আবেদন, পরীক্ষা ১৭-১৮ এপ্রিল