২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য আরও ডাচ বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তার প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সহযোগিতার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।

বাংলাদেশের জন্য আরও ডাচ বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তার প্রতিশ্রুতি
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ফন ডুরেন। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস।

ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ফন ডুরেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বলেছেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে কৃষি, সমুদ্র খাত, শিল্প, যুব ও জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনার মত বিস্তৃত ক্ষেত্রগুলোতে সম্পর্ক জোরদার করতে আগ্রহী।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের জন্য কৃষি, পানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসা সম্প্রসারণে ডাচ বিনিয়োগ আনার কথা জানান তিনি।

বাংলাদেশের জন্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ইরমা ফন ডুরেনকে ধন্যবাদ জানান। নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসার ক্ষেত্রে ব্যক্তিগত দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন ইউনূস।

সাক্ষাতে দেশের ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে ডাচদের সমর্থন প্রত্যাশা করেন ইউনূস।

তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে দাঁড় করাতে হবে। সরকার শিক্ষা, আর্থিক ও শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাক্ষাতে তারা রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন। ইউনূস বলেন, “ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বৈরাচারী’ শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে সাক্ষাতে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং ডেপুটি ডাচ রাষ্ট্রদূত থিজ ওয়াউডস্ট্রা সাক্ষাতে উপস্থিত ছিলেন।