Published : 30 Dec 2025, 11:02 PM
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালাবে ঢাকার মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী সাধারণের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখা হবে।”
কখন এই বিশেষ ট্রেন চলবে জানতে চাইলে তিনি বলেন, “সময় সময় লোক সমাগমের উপর নির্ভর করে ট্রেনের হেডওয়ে অর্থাৎ দুই ট্রেনের মাঝের সময় কমিয়ে আনা হয়। এখানে নতুন করে কোনো ট্রেন যুক্ত করার দরকার হবে না। আমরা টাইম ডিউরেশনটা কমিয়ে আনব।”
স্টেশনের চাপ কমাতে আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে খায়রুল আলম বলেন, “সিঙ্গেল টিকিট সংগ্রহকারী বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বলে মনে হচ্ছে। সে কারণে টিকেট বিক্রেতা, বিশেষ করে কম্পিউটার অপারেরটর বাড়িয়ে দিচ্ছি। এমনকি প্রত্যেক স্টেশনে অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী থাকবেন, যারা যাত্রী সাধারণের টিকিট কাটার সুবিধার্থে সহযোগিতা করবেন।”
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান খালেদা জিয়া। বুধবার সকালে হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠে তার জানাজা হবে।
পরে জিয়া উদ্যানে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ডিএমটিসিএল এর পরিচালক বলেন, “যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা ও নির্দেশনা অনুসরণের অনুরোধ জানান তিনি।