Published : 12 Jul 2026, 06:39 PM
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভবনের সাততলার ফ্ল্যাট থেকে ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ছুরিকাঘাতে হত্যার তথ্য দিয়েছে পুলিশ।
শাহিদা বেগম (৬৮) নামে ওই নারী যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর দনিয়া এলাকার ওই ভবনে ভাড়া থাকতেন। বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়ার কথা বলেছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু।
হত্যাকাণ্ডের সময় শনিবার সন্ধ্যারাত হলেও পুলিশ খবর পেয়ে রোববার মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি রাজু বলেন, দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন সাততলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটের বাসিন্দা এ হত্যাকাণ্ডের শিকার হন। নিহত শাহিদা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৬টা থেকে রাত ৭টার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, “বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি নিশ্চিতভাবে ডাকাতি বা লুটপাটের ঘটনা কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।”
শাহিদা বেগম ওই বাসায় একাই ভাড়া থাকতেন। তার এক ছেলে মালয়েশিয়ায় থাকেন এবং দুই মেয়ে আলাদা থাকেন। তার স্বামী শফিকুল ইসলাম মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে।