২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্নীতলার সাবেক চেয়ারম্যান গাফফার ঢাকায় গ্রেপ্তার

তার বিরুদ্ধে বিএনপি অফিসে হামলার অভিযোগে মামলা আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 05:45 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

নওগাঁর পত্নীতলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম।

তিনি বলেন, গত ৩ অগাস্ট নওগাঁ জেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ অগাস্ট সদর মডেল থানায় একটি মামলা হয়, যাতে গাফফারসহ আওয়ামী লীগের দুই-তিনশ নেতাকর্মীকে আসামি করা হয়।

এই মামলায় গাফফারকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গত মে মাসে পত্নীতলা উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীকে পরাজিত করে চেয়ারম্যান হন গাফফার। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৮ অগাস্ট দেশের ৪৯৫টি উপজেলাতেই সংশ্লিষ্ট ইউএনওকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে চেয়ারম্যানদের অপসারণ করা হয়।