০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘যৌতুক দাবি’: মডেল সানাই মাহবুবের মামলায় আত্মসমর্পণ করে স্বামীর জামিন

আপোসের শর্তে আদালত তার জামিনের আদেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 02:50 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

যৌতুক দাবির পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে মডেল সানাই মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আবূ সালেহ মূসা।

মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান।

মূসার পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। 

শুনানিতে তিনি বলেন, “আপনি (আদালত) মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন। আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছি। আমরা একটা হলফনামা দিয়েছে যে আমরা সংসার করতে চাই। আমরা বিষয়টি আপস করে ফেলব। তার জামিন প্রার্থনা করছি।”

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিন আবেদনের বিরোধিতা করেন। 

তিনি বলেন, “যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছে, আবার যৌতুক চাচ্ছে। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন।”

এর জবাবে খোরশেদ আলম বলেন, “এটা ট্রায়ালের বিষয়।”

এরপর আদালত আবূ সালেহ মূসার কাছে কয়েকটা প্রশ্ন করেন। জবাব দেন মূসা। আদালতের কাছে সংসার করার কথা জানান তিনি। আদালতে কথা বলেন সানাই মাহবুবও। এসময় কান্নাকাটি করেন তিনি।

উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক বলেন, “এটা আপোসযোগ্য মামলা। আসামি সংসার করতে চায়। তাকে সুযোগ দিতে হবে।”

পরে আপোসের শর্তে আদালত তার জামিনের আদেশ দেয় বলে জানান সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা। 

তিনি বলেন, “আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আমরা বসব।”

গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। এরপর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মূসা।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেসময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।

সানাইয়ের অভিযোগ, সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার স্বামী ২২ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।

পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব। বিভিন্ন অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি।