২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

“একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ঈদের দিন ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 04:11 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার সকালে গুলশান অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রধান লক্ষ্য একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের একমাত্র স্লোগান—'সবার আগে বাংলাদেশ’।

“আমরা বিশ্বাস করি, 'আমরা করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’…এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সঙ্গ নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চাই।"

সালাহউদ্দিন দাবি করেন, ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশে জনগণ এখন ‘মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ’ উপভোগ করছে। 

“এই স্বাধীন পরিবেশে দেশবাসী পরপর উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীন মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করি।”

এদিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে শেরেবাংলা নগরে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করব জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে যান। সেখানে ছোটভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী।

এরপর বনানী সেনা কবরাস্থানে গিয়ে জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারা। সেখানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তারা। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।