সব বিভাগেই তাপপ্রবাহ, থাকতে পারে আরও তিন দিন
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকাসহ নানা পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলমান তাপপ্রবাহ আরও তিন দিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাপমাত্রা অনেক বেশি ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালে…সব বিভাগেই তাপপ্রবাহ আছে। তিনদিন থাকবে।”
আগের দিন বুধবার সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহের খবর দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়ার আভাস দেওয়া হয়।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে চুয়াডাঙ্গায়। এসময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তিন জেলায় বজ্রপাতের সতর্কতা
দেশের উপকূলীয় তিন জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিট থেকে পরবর্তী এক থেকে দুই ঘণ্টায় বরিশাল, ভোলা ও নোয়াখালী জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকাসহ নানা পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেগুলো হল-
>> জানালা ও দরজা বন্ধ রাখা।
>> সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা।
>> নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া।
>> গাছের নিচে আশ্রয় না নেওয়া।
>> কংক্রিটের মেঝেতে শয়ন না করা এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।
>> বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখা।
>> জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।
>> বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকা।
>> শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।
