রংধনু গ্রুপের পরিচালক মিজান রিমান্ডে
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, এই মামলা একটি পাল্টা মামলা।
চাঁদা দাবির অভিযোগে করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মিজানকে মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম আলী হায়দার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১১টায় মিজানের নির্দেশে অস্ত্রধারী ব্যক্তিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট এবং সিটি মাল্টি এগ্রিকালচারাল কোম্পানির সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে। তারা সাইনবোর্ড ভাঙচুরসহ নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়।
মিজানুরের বিরুদ্ধে ৫ কোটি টাকা চাঁদা দাবি ও সম্পত্তি দখলের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, এই মামলা একটি পাল্টা মামলা। বসুন্ধরা গ্রুপ রংধনু গ্রুপের জমি দখলের চেষ্টা করে এবং নিজেদের দোষ ঢাকতে এই মামলা করেছে। মিজানুর রহমানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।
