জুলাই অভ্যুত্থানের দুই বছর: শহীদ জননীরা জানতে চান, সন্তানের খুনি কে
দুই বছরে জুলাইয়ের ১০০ মামলার তদন্ত শেষ হলেও কার গুলি বা আঘাতে ভুক্তভোগীর মৃত্যু হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য অনেক তদন্ত প্রতিবেদনে আসেনি।
ইন্টারনেট বন্ধ। রাজধানীর অধিকাংশ মানুষ ঘরবন্দি। চারদিকে গোলাগুলির শব্দ। ঘরের চৌকাঠের ওপারে যেন এক অচেনা নগরী।
এমন পরিস্থিতিতে কৌতূহল থেকেই বাইরে বেরিয়েছিলেন তানভীর আরাফাত ধ্রুব। তার কর্মস্থল থেকে কয়েক কদম এগোলেই সেন্ট্রাল রোডের মাথা। সেখান থেকে এক দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়, অন্যদিকে গ্রিন রোড হয়ে পান্থপথ-ফার্মগেট।
ধ্রুব দেখেন, দুদিক থেকেই অবিরাম গুলি ছুড়ছে পুলিশ। মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন একজন। পরে জানতে পারেন, তিনি সাংবাদিক তাহির জামান প্রিয়।
২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে যখন ওই ঘটনাটি ঘটে, ধ্রুব তখনও বুঝতে পারেননি, কয়েক মিনিটের মধ্যেই তিনি একটি হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠবেন।
তার ভাষ্য, গুলিবিদ্ধ প্রিয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য কয়েক দফা চেষ্টা করেছিলেন তার সঙ্গীরা। কিন্তু টানা গুলির মুখে প্রতিবারই ফিরে আসতে হয়। এক পর্যায়ে ধানমন্ডি থানার একটি পুলিশের গাড়ি এসে প্রিয়কে তুলে নিয়ে যায়।
প্রিয় নিহত হওয়ার এক মাস পর, ২০২৪ সালের ২০ অগাস্ট তার মা সামসি আরা জামান রাজধানীর নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত দল এখন মামলাটির তদন্ত করছে।
সামসি আরা জামান এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও একটি প্রশ্নের উত্তর এখনো খুঁজে ফেরেন তিনি।
কে হত্যা করেছে প্রিয়কে?
তার কথা মনে পড়লেই মায়ের চোখে ভেসে ওঠে রক্তাক্ত দেহ। মনে ঘোরে একই প্রশ্ন—কার গুলিতে প্রাণ গেছে তার ছেলের?
সামসি আরা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলের হত্যাকারী কে, আমি সেটা জানতে চাই। মামলায় সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য দেওয়া আছে। আমি বিশ্বাস করি, এগুলো বিশ্লেষণ করলে বের করা সম্ভব কার গুলিতে আমার ছেলে মারা গেছে।"
তবে মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক আলমগীর সরকার। তিনি শুধু বলেন, "ইনশাআল্লাহ, ভালো কিছুই হবে।"
ওই মামলার অন্যতম সাক্ষী ধ্রুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হয়ত হাজার মানুষের মৃত্যু দেখিনি। কিন্তু সেদিনের ঘটনাপ্রবাহের শেষ পরিণতি ছিল প্রিয়র মৃত্যু। পুলিশ যদি গুলিবিদ্ধ অবস্থায় তাকে নিয়ে না যেত, তাহলে হয়তো তার সহকর্মী বা বন্ধুরা হাসপাতালে নিতে পারত।
“আমি আগে প্রিয়কে চিনতাম না। কিন্তু সেদিনের ঘটনাই তাকে আমার কাছে পরিচিত করিয়ে দেয়। সেই হত্যার বিচার পাওয়ার প্রত্যাশাই আমাকে পরে আরও অনেক ঘটনার সাক্ষী হতে সাহস যুগিয়েছে।"
পুলিশ সদর দপ্তরের মনিটরিং কমিটির তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে ১ হাজার ৮৬২টি মামলা হয়েছে। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা।
গত ৩০ জুন পর্যন্ত ১০০টি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে ৬৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ হাজার ৭৯৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৩৭টি মামলায় দেওয়া হয়েছে ফাইনাল রিপোর্ট ট্রু (এফআরটি)।
যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, সেগুলোর অধিকাংশ তদন্ত প্রতিবেদনে হত্যার দায়ে বিভিন্ন ব্যক্তি বা কর্মকর্তাকে আসামি করা হলেও, ঠিক কার গুলি বা আঘাতে ভুক্তভোগীর মৃত্যু হয়েছে, তার সুনির্দিষ্ট উল্লেখ নেই।
শহীদ রাকিবুলের মায়ের প্রশ্নের উত্তর নেই বাবার কাছেও
২০২৪ সালের ১৯ জুলাই। উত্তাল মিরপুর-১০ গোলচত্বর। বন্ধুর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন রাকিবুল হোসেন। হঠাৎ একটি গুলি এসে লাগে তার শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর দুই মাস পর, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাকিবুলের বাবা আবু বকর সিদ্দিক রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। দুই দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর মামলাটি যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মোমিনুল ইসলামের হাতে।
গত ৩০ জুলাই তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করা হয়। সেই সঙ্গে অভিযোগের পক্ষে ‘পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায়’ আরও ৪৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
মামলার অগ্রগতিতে সন্তুষ্ট হলেও একটি প্রশ্নের উত্তর না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে রাকিবুলের পরিবারের।
বিমান বাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হুকুমদাতাদের বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে, এতে আমরা সন্তুষ্ট। কিন্তু আমার ছেলে কার গুলিতে মারা গেল, সেই উত্তর আজও পাইনি।"
তিনি বলেন, "সেদিন একদিকে ছিল পুলিশ, অন্যদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। আমরাতো ঘটনাস্থলে ছিলাম না। রাকিবের সঙ্গে থাকা বন্ধুই পরে আমাদের সব বলেছে।"
নিজে যে প্রশ্নের উত্তর খুঁজছেন, অন্যের কাছেও যখন সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেটিকে ‘সবচেয়ে কঠিন মুহূর্ত’ বলে মনে হয় আবু বক্করের কাছে।
তিনি বলেন, "রাকিবের মা মাঝেমধ্যে জানতে চায়, কার গুলিতে আমাদের সন্তান মারা গেল? আমি কোনো উত্তর দিতে পারি না। আমি নিজেওতো সেই উত্তর খুঁজছি। এখন তদন্ত কর্মকর্তার দিকেই তাকিয়ে আছি।"
তবে ঠিক কোন অস্ত্র বা কার ছোড়া গুলিতে রাকিবুল নিহত হয়েছেন, তা নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান পিবিআই পরিদর্শক মো. মোমিনুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এত গোলাগুলির মধ্যে ঠিক কার গুলিতে তিনি মারা গেছেন, সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি।"
‘সেই পুলিশইতো তদন্তের দায়িত্বে’
মাত্রই মাধ্যমিক পরীক্ষা শেষ করেছিলেন গোলাম নাফিজ। জিপিএ-৫ পাওয়া ১৭ বছরের এই শিক্ষার্থী ২০২৪ সালের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে রাজধানীর ফার্মগেটে যান।
পরিবারের ভাষ্য, মায়ের নিষেধ উপেক্ষা করে সেদিন ঘর থেকে বের হওয়ার পর আর জীবিত ফেরেননি নাফিজ।
সেদিন বিকেলে ফার্মগেটে গুলিবিদ্ধ হন নাফিজ। রিকশার পাদানিতে ফেলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। রক্তাক্ত সেই দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাফিজের মৃত্যুর এক মাস পর, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তার বাবা মো. গোলাম রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন।
প্রায় দেড় বছর পর, ২০২৬ সালের ১৫ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে এ অভিযোগপত্রেও নাফিজকে গুলি করা ব্যক্তিকে সরাসরি শনাক্ত করা হয়নি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা রয়েছে পরিবারের।
নাফিজের বড় ভাই গোলাম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মা মাঝেমধ্যে জানতে চান, কে বা কারা নাফিজকে গুলি করেছে। আমাদের মনেও একই প্রশ্ন আসে, কিন্তু কোনো উত্তর নেই।"
তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন রাসেল। বলেন, "সবচেয়ে কষ্টের বিষয় হল, যে পুলিশ নাফিজের খুনিকে খুঁজছে, সেই পুলিশইতো তখনকার সরকারের নির্দেশে মানুষের ওপর গুলি চালিয়েছিল। তাদের কাছ থেকে আর কী আশা করতে পারি? তারপরও মা সন্তানের হত্যার বিচার চান। আমরাও চাই নাফিজ হত্যার সুষ্ঠু বিচার হোক।"
নাফিজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
‘সঠিক বিচার’ পাওয়া নিয়ে শঙ্কা
জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত হওয়ার ধারণা দেওয়া হয়। অন্যদিকে সরকারি গেজেটে শহীদের সংখ্যা সাড়ে আটশর মত। নিহতদের মধ্যে রিয়া গোপের মত শিশু থেকে শুরু করে নারীরাও রয়েছেন।
এত প্রাণহানির ঘটনায় প্রত্যক্ষ হত্যাকারীদের শনাক্ত করা না গেলে ন্যায়বিচার কতটা নিশ্চিত করা সম্ভব–এমন প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাইয়ে সংঘটিত অভিযোগগুলো যদি মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রমাণিত হয়, তাহলে কমান্ড রেসপনসিবিলিটি ও যৌথ অপরাধমূলক দায়ের মত স্বীকৃত আইনি নীতির আলোকে নির্দেশদাতা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চপর্যায়ে অবস্থান করে যারা হত্যাকাণ্ড বা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই; নির্দেশ প্রদান, কার্যকর নিয়ন্ত্রণ এবং অপরাধ সংঘটনে ভূমিকার বিষয়গুলো নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হলে তারা আইনি দায় থেকে অব্যাহতি পাবেন না।
“তবে এ ধরনের দায় প্রমাণে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ অপরিহার্য; তা না হলে অভিযুক্তরা আইনের সুবিধা পেয়ে খালাস পেতে পারেন।”
তাজুল ইসলাম বলেন, “যারা নির্দেশ বাস্তবায়ন করে সরাসরি গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরও শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। প্রত্যক্ষ অপরাধীদের শনাক্ত ও তাদের ভূমিকা প্রমাণ করা না গেলে বিচার প্রক্রিয়া পূর্ণাঙ্গ হবে না।”
তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই চিফ প্রসিকিউটর। বলেন, যেহেতু অধিকাংশ ঘটনায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং একই বাহিনী তদন্তও করছে, তাই তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা ‘স্বাভাবিক’।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজন হলে সরকার এসব মামলার তদন্তে একটি স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করতে পারে বলে তিনি মত দেন।
কিছু মামলায় প্রত্যক্ষ হত্যাকারীদের যে শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তা স্বীকার করলেও তদন্তে পক্ষপাতের অভিযোগ নাকচ করেছেন জুলাই-সংক্রান্ত মামলা তদারকির মেন্টর কমিটির সদস্য এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) খন্দকার রফিকুল ইসলাম।
তার ভাষ্য, গণঅভ্যুত্থানের মত ঘটনায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, একই ঘটনায় একাধিক মামলা, ভুয়া পরিচয়ে মামলা দায়ের এবং অনেক ক্ষেত্রে নিহতদের সুরতহাল ও ময়নাতদন্ত না হওয়ায় তদন্ত জটিল হয়ে উঠেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণঅভ্যুত্থানের ঘটনায় উভয় পক্ষেই হাজার হাজার মানুষ ছিল। সেখানে কার গুলি বা আঘাতে একজনের মৃত্যু হয়েছে, তা নির্দিষ্ট করে চিহ্নিত করা অত্যন্ত কঠিন। প্রত্যক্ষ হত্যাকারীদের শনাক্ত করা না যাওয়ায় কয়েকটি মামলার অভিযোগপত্র দিতে আমাদের সময় লাগছে।"
রফিকুল ইসলাম বলেন, একই ঘটনার একাধিক মামলা, প্রকৃত স্বজন না হয়েও মামলা দায়েরের ঘটনা এবং অনেক ক্ষেত্রে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত না থাকাও তদন্তে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।
পুলিশের গুলিতে নিহত হওয়ার অভিযোগ থাকা ঘটনাগুলোর তদন্তও পুলিশ করছে; ফলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে শহীদ পরিবারগুলোর সংশয় থাকছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, "শুধু পুলিশের গুলিতেই সবাই মারা গেছে—বিষয়টি এমন নয়। আরও কয়েকটি সংস্থার সম্পৃক্ততার তথ্যও আমরা পেয়েছি এবং সেসব বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে।"
তিনি বলেন, "তদন্ত কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, তদন্তে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কোনো ভুক্তভোগীর স্বজন যদি কাউকে সন্দেহভাজন বা অভিযুক্ত হিসেবে তথ্য দেন, তা যেন অযৌক্তিকভাবে উপেক্ষা না করা হয়। বরং তাদের কাছে থাকা তথ্য-প্রমাণ জমা দিতে উৎসাহিত করা হচ্ছে, যাতে প্রকৃত দায়ীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে।"
