২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লুকোচুরি খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

শনিবার একটি বাসার পানির ট্যাংক থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 12:53 AM

Updated : 12 Feb 2023, 12:53 AM

লুকোচুরি খেলতে গিয়ে রাজধানীর বংশালে ছয় বছরের এক শিশু পানির ট্যাংকে পড়ে মারা গেছে।

শনিবার সন্ধ্যায় কাজী রিয়াজ উদ্দীন সড়কের একটি বাসার ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বংশাল থানার এসআই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার জুমার নামাজের পর তিন শিশু লুকোচুরি খেলতে গিয়ে একজন পানির ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে আরিয়ান নামের ওই শিশু নিখোঁজের বিষয়ে জিডি করে তার পরিবার।

“আমরা ওই এলাকার কয়েকটি সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখি, লুকোচুরি খেলতে গিয়ে আরিয়ান আকস্মিকভাবে হারিয়ে যায়।”

যে বাসার পানির ট্যাংক থেকে আরিয়ানের মৃতদেহ পাওয়া যায়, সে বাসার কাছে শেষবারের মতো তাকে ভিডিওতে দেখা যায় উল্লেখ করে পুলিশ কর্মকর্তা দেলোয়ার জানান, পরিবারসহ আশপাশের লোকজন খোঁজাখুজি করতে গিয়ে সন্দেহবশত পানির ট্যাংক দেখা হয়। তখন ওই শিশুর পা দেখা যায়।

শনিবার সন্ধ্যার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরিয়ানের মৃতদেহ উদ্ধার করে বলে জানান দেলোয়ার হোসেন।

শিশুটি স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।