‘বাবার সাথে কি স্কুলে যেতে পারব?’
গুমের শিকার বিভিন্ন ব্যক্তির সন্ধান চেয়ে স্বজনরা মঙ্গলবার হাজির হয়েছিলেন শাহবাগে।
“সবাই সবার বাবার সাথে স্কুলে যায়। আমিই শুধু যেতে পারি না। আমি কি আমার বাবার সাথে স্কুলে যেতে পারব? আমার কি দোষ যে আমি আমার বাবার সাথে স্কুলে যেতে পারব না!”
বাবাকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে এ আকুতি ১১ বছর বয়সী আদিবা ইসলামের। ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে আরও অনেকের সঙ্গে কাঁদছিল শিশুটি, যাদের স্বজনরা ‘গুমের’ শিকার হয়েছে বলে পরিবারের অভিযোগ।
আদিবা বলছিল, “প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি বাবার সাথে স্কুলে যেতে চাই।”
আদিবার মা ফারজানা আক্তারের দাবি, তার স্বামী পারভেজ হোসেনকে ২০১৩ সালে ‘আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর গুম’ করা হয়। পারভেজ হোসেন ঢাকার বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
গুম হওয়া মানুষের স্বজনদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ আয়োজিতে এ মানববন্ধনে বাবার ছবি নিয়ে অংশ নেয় ১০ বছরের সাদিকা সাফা। তার বাবা মো. সোহেল বংশাল থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০১৩ সালে সোহেলকে ‘আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর’ এখনও তার হদিস মেলেনি বলে পরিবারের ভাষ্য।
বাবার কথা বলতে গিয়ে সাদিকাও কেঁদে ফেলে। বলে, “বন্ধুদের দেখি তারা বাবার কাছে যায়। শুধু আমিই বাবার কাছে যেতে পারি না।তখন আমার খুব কষ্ট লাগে।“
বাবার ছবি হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেয় কিশোরী তামান্না ইসলাম। সেও বললো, ২০১৯ সালে র্যাব পরিচয়ে তার বাবা ইসমাইল হোসেন বাতেনকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যাওয়া হয়।
“আমরা র্যাব হেডকোয়ার্টার, পুলিশ, ডিবি, ডিএমপি কমিশনারের কার্যালয় এবং মানবাধিকার কমিশন- এমন কোনো জায়গা নেই যে- যেখানে যাইনি। কিন্তু আজ পর্যন্ত আমার বাবার কোনো সন্ধান পাইনি।
“দিনের পর দিন আমি আমার বাবার ছবি হাতে দাঁড়িয়ে এসেছি। কিন্তু আজ পর্যন্ত আমার বাবার কোনো সন্ধান পাইনি। আমি আমার বাবার সন্ধান চাই।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী আলমের ছোট ভাই খুরশীদ আলমও মানববন্ধনে অংশ নিয়ে ভাইয়ের সন্ধান দাবি করেন।
তিনি বলেন, “২০১০ সালের ২৫ জুন ইন্দিরা রোড থেকে আমার বড় ভাইকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার খোঁজ নেই।
“সরকারকে বলছি, আপনি যদি আমার ভাইকে মেরে ফেলেন, তাহলে এক মুষ্ঠি মাটি দেওয়ার জন্য লাশটা ফেরত দেন। আর বিচার চাইব না। আর কোনো দাবিও নেই। শুধু ভাইয়ের লাশটা চাই।”
২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ছিলেন তাবিথ আউয়াল। তিনি মানববন্ধনে বলেন, “আমাদের একটাই প্রশ্ন, আমাদের পরিবারের সদস্যরা কই? আমার পরিবারের সদস্যরা কোথায় আছে, এটির উত্তর অবশ্যই বর্তমান সরকারকে দিতে হবে।
“দেশীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বারবার গুম-খুনের সুষ্ঠু তদন্তের দাবি করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যেটা সত্য, সেটা আমরা সবাই মেনে নিব। কিন্তু যখন বারবার অস্বীকার করা হচ্ছে, তখন বোঝা যায়- সব গুম খুনের সাথে সরকার জড়িত। সেইদিন খুব বেশি দূরে নয়, যেদিন আমরা ন্যায়বিচার পাব।”
অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর কর্মসূচিতে সংহতি জানান।
