ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু
খিলগাঁও রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ফখরুল ইসলাম।
রাজধানীর খিলগাঁও রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা মারা গেছেন।
শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলাম (৬০) এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। ঢাকার ওয়ারীতে তিনি নিজ বাড়িতে থাকতেন।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ফখরুল।
“ঘটনাস্থলে তিনি কেন এসেছিলেন, সে ব্যাপারে পরিবারের কেউ কোনো ধারণা দিতে পারেননি।”
ফখরুল ইসলামের ছেলের বরাতে ওসি ফেরদৌস বলেন, “গত ডিসেম্বর মাসে ফখরুল ইসলাম অবসরে যান। তিনি টাটকা জিনিস খেতে পছন্দ করতেন বলে বিভিন্ন জায়গায় চলে যেতেন।
“কোনো কিছু কিনতে এই এলাকায় আসতে পারেন বলে পরিবারের ধারণা।”
ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
