২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরতে পুলিশ সদস্যদের ‘বাধা নেই’

জীবন বাঁচাতে আত্মগোপন করেছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তারাসহ বেশিরভাগ সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2024, 02:14 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে ফিরতে নানা বাধার মুখে পড়ছেন বলে যে তথ্য ছড়িয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার সকালে এক বার্তায় বলা হয়, “পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।"

কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়া পুলিশ সদস্যদের রাজনীতিক, শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষ সহযোগিতা করছেন বলে বার্তায় জানানো হয়েছে।

ছাত্র জনতার বিপুল গণ আন্দোলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। নির্বিচারে আক্রমণ হতে থাকে থানায়, ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়।

এসব হামলায় বহুসংখ্যক পুলিশ হতাহত হলে অন্যরা নিরাপদে সরে যেতে থাকেন। এতে করে এমন নজিরবিহীন অবস্থা তৈরি হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

জীবন বাঁচাতে আত্মগোপন করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারাসহ বেশিরভাগ সদস্য। যে কারণে মঙ্গলবার সকাল থেকে থানাগুলো ছিল পুলিশ শূন্য ও অরক্ষিত।

শেখ হাসিনার সময় দায়িত্ব পাওয়া আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে সরিয়ে সেই পদে মো. ময়নুল ইসলামকে দায়িত্বে আনার প্রজ্ঞাপন জারি হয় মঙ্গলবার রাতে।

পরদিন নতুন আইজিপি দায়িত্ব গ্রহণ করার পর পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দেন।