২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথাগত সরকারের চেয়ে এখন সবকিছু ভিন্নভাবে চলছে: রিজওয়ানা

বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এটি সবার দায়িত্ব, বলেন তিনি।

প্রথাগত সরকারের চেয়ে এখন সবকিছু ভিন্নভাবে চলছে: রিজওয়ানা
সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 10:06 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

প্রথাগত সরকারের চেয়ে বর্তমানে সবকিছু ভিন্নভাবে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার ঢাকার লেকশোর হোটেলে বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের প্ল্যাটফর্ম সিএসও অ্যালায়েন্সের আয়োজনে ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন বলে পরিবেশ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শুধু অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এটি সবার দায়িত্ব। সেটি বাস্তবায়নে নাগরিক সমাজের সহযোগিতা প্রয়োজন। 

“রাষ্ট্রের সংস্কারে নিজেদেরও পরিবর্তন করতে হবে। সরকারের কোনও উদ্যোগে ঘাটতি থাকলে তা উল্লেখ করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিভিন্ন কমিশন আলাপ-আলোচনা করছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।”

বিভিন্ন আন্দোলনকারীদের মুখপাত্রদের সঙ্গে আলোচনা করার কথা তুলে ধরে তিনি বলেন, “সরকারের প্রতি আস্থা রাখতে হবে। প্রথাগত সরকারের থেকে বর্তমানে সবকিছু ভিন্নভাবে পরিচালিত হচ্ছে।

এনজিওদেরও ‘আত্মানুসন্ধানের‘ প্রয়োজন রয়েছে মন্তব্য করে রিজওয়ানা বলেন, “এনজিও ব্যুরোকে স্বচ্ছ হতে হবে। আমাদের নিজেদের পরিচয় ধরে রাখতে হবে। সমষ্টিগতভাবে ভাবতে হবে। নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থাকে অগ্রাধিকার ঠিক করে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক ও ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, সিএসও অ্যালায়েন্সের উপদেষ্টা কমিটির সদস্য হোসেন জিল্লুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার (এনজিও) অংশীদাররা উপস্থিত ছিলেন।