Published : 29 Jun 2025, 11:32 PM
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে ’আওয়ামী নোংরা কৌশলের’ পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসীর স্ত্রীকে 'ধর্ষণ' ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী নারীর শ্লীলতাহানী ও সহিংসতা মনুষ্যত্বহীন, অমানবিক, পাশবিক ও মহল বিশেষের রাজনৈতিক লক্ষ্য পূরণের অভিসন্ধি। আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। হাসিনার পতনের পরও আমাদের চিরচেনা সেই সম্প্রীতির ঐতিহ্যকে ফিরিয়ে না এনে বরং বিনষ্ট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য।
‘‘এদিকে পতিত স্বৈরাচারের দোসররা অর্থবিত্তে সজ্জিত। নারী নির্যাতনসহ সহিংস সন্ত্রাসের গোপন অভিযান চালিয়ে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা বিপজ্জনক গোপন অপতৎপরতায় লিপ্ত হয়েছে। শক্তিশালী পক্ষের আশীর্বাদ আছে বলেই দুর্বৃত্তরা সহিংস কার্যাবলী চালাতে উৎসাহিত হচ্ছে।”
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘‘একটি কুচক্রী মহল এই কাপুরোষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে।”
অভিযোগ করে তিনি বলেন, ‘‘ওই এলাকার (মুরাদনগর) একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে।
‘‘আর এ ক্ষেত্রে তারা দেশ-বিদেশ থেকে অবিরাম মদদ পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন।”
নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘সত্যের জন্য, সম্মানের জন্য ও আত্মমর্যাদার জন্য ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলকে দুষ্কৃতিকারী পাষন্ডদের প্রতিহত করতে হবে সুস্থ সমাজ ও নিরাপদ রাষ্ট্র বিনির্মাণের জন্য।
‘‘নারী নির্যাতনকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা মানবসভ্যতার শত্রু। আমি অবিলম্বে হিন্দু ধর্মাবলম্বী প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনকারী দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।”
মুরাদনগরে নারী ধর্ষণ: ভিডিও ধারণকারী চার যুবক কারাগারে
মুরাদনগরের ঘটনার বিচার হবে 'সর্বোচ্চ গুরুত্ব' দিয়ে: আইন উপদেষ্টা