শিশুদের খেলার মাঠ আর বইয়ের মধ্যে আনতে চাই: প্রধানমন্ত্রী
“কতটুকু সফল হব, সেটা পরের ব্যাপার। আমরা কাজটা শুরু করতে চাচ্ছি।
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের নানা পরিকল্পনার কথা শোনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, “বই পড়ার অভ্যাসটা আমরা গড়ে তুলতে চাইছি। বাচ্চাদের মোবাইল ফোন থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠ ও বইয়ের মধ্যে আনতে চাইছি। এটা একটা পরিকল্পনা আমাদের আছে।
“কতটুকু সফল হব, সেটা পরের ব্যাপার। আমরা কাজটা শুরু করতে চাচ্ছি।“
সোমবার দুপুরে যশোরের প্রাচীন গ্রন্থাগার ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
সেখানে উপস্থিত নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনাদের মতো মানুষদের যখন দেখি, তখন আমরা উৎসাহ পাই। আমি ব্যক্তিগতভাবে উৎসাহ পাই যে, নিশ্চয়ই এখনো বই পড়ার মানুষ রয়ে গেছে। নিশ্চয়ই আমাদের কাজটিতে আমরা সফল হব।”
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের কাছে প্রত্যাশা থাকবে সরকার যখন এই কাজটি শুরু করবে, বিশ্বসাহিত্য কেন্দ্র আছে, উনাদের সঙ্গে আমরা কাজ শুরু করব, তখন আপনাদের মতো মানুষ যারা সারাদেশে আছেন, তাদের সাহায্য সহযোগিতা লাগবে, তাহলেই আমরা দ্রুততার সঙ্গে বই পড়ার কাজটি করতে পারব।”
এদিন একদিনের সফরে যশোরে পা রাখেন তারেক রহমান। সফরকালে তিনি তিনি শার্শায় উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন, সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজনৈতিক জনসভাতেও যোগ দেন।
জনসভায় যোগ দেওয়ার আগে পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমার ইচ্ছা, যেটা বললাম লাইব্রেরির ব্যাপারে যে, বাচ্চাদেরকে যেন মোবাইল থেকে কিছুটা হলেও বের করে নিয়ে এসে বই পড়া বা পাঠ করার অভ্যাস আমরা গড়তে পারি।”
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার কথা বলেছে সরকার।
গত ২৩ এপ্রিল তারেক রহমান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সায়ীদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় প্রধানমন্ত্রীর প্রেস অফিস।
এ সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে যশোর পাবলিক লাইব্রেরিতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, “আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ সাহেবের সঙ্গে আমি বসেছিলাম কথা বলতে।
“উনাদের একটা সংগঠন আছে, যেখান থেকে উনারা…বই পড়ার একটা বিষয় আছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের।
“সরকারের পক্ষ থেকে আমরা উনাদের সঙ্গে কাজ করতে চাইছি। আমরা এখন যেটা চিন্তা করছি, আমরা প্রতি উপজেলায় দুটো করে প্রাইমারি স্কুল টার্গেট করার চেষ্টা করছি। যেখানে আমরা বাচ্চাদেরকে বই দিব, কোনো রাজনৈতিক বই না।
“রাজনীতির বাইরেও বিভিন্ন বিষয়ের বই আছে। আমরা সেই ধরনের বই দিব, যেগুলো পড়লে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, দ্বীন-দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জানতে পারবে, এইরকম বই দিব তাদেরকে।”
তিনি বলেন, “বই দিয়ে আমরা সেটা তাদেরকে আস্তে আস্তে আস্তে বই পাঠে অভ্যাস করাতে চাইছি। শুধু তাই নয়, এই বইটা, যেটা সে পড়বে, এই পড়ার বিষয়টা আমরা পরীক্ষার ভেতরে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অর্থাৎ সেইটার মধ্য থেকে প্রশ্ন হবে, সেটার মধ্যে থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে।”
প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনকালে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
