ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না, র্যাবের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা
“যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।”
ক্রসফায়ার, গুম, খুন থেকে র্যাবকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না।
এক তথ্য বিবরণীতে বলা হয়, মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় উপদেষ্টা বলেন, “র্যাব গঠনের সময় বলা হয়েছিল, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি।”
র্যাব গঠনের শুরুর দিকে একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদেরকে এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।
“ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে র্যাবকে দূরে থাকতে হবে।”
ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব উল্লেখ করে উপদেষ্টা আইনের মধ্যে থেকে র্যাবকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।
