০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

পুলিশের ওপর হামলার একটি মামলায় আসামি ধরতে গিয়ে সিটিটিসি এ দুই বস্তুর সন্ধান পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 09:31 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ঢাকার ডেমরার সারুলিয়ায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় একজনকে আটক করার তথ্য দিয়েছেন ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) এক কর্মকর্তা।

রোববার বিকালে ওই এলাকায় অভিযানে গিয়ে পশ্চিম নিঝুমবাগ তালেব আলী মসজিদের সামনে কালো টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পুলিশ।

এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ইতিমধ্যে একটি নিস্ক্রিয় করা হয়েছে।

এ ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়, মসজিদের সামনে পুলিশ সদস্যদের দেখে সেখানে অনেক মানুষের ভিড় করে থাকতে দেখা যায়।

রাত ৯টার দিকে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমে বলেন, “আমরা বিকাল ৫টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।”

রাত সাড়ে ৮টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে আমাদের লোক সেখানে গেছে। পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা বলেন, কিছু দিন আগে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিস্ক্রিয় করেছে। অপরটি নিস্ক্রিয় করার কাজ চলছে। 

এসময় একজনকে আটক করার তথ্য দেন ওই কর্মকর্তা, যার নাম প্রকাশ করে বক্তব্য দেওয়ার অনুমতি নেই।