সরকার নির্যাতনের সংস্কৃতি বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ: ইউনূস
আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাণী দেন প্রধান উপদেষ্টা।
ন্যায়ভিত্তিক সমাজে নির্যাতনের স্থান না থাকার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং মানবমর্যাদার প্রতি একটি জঘন্য আঘাত।
বাংলাদেশের হাজারো নির্যাতিত ও মানবাধিকার লঙ্ঘনের শিকার সাহসী ও সহনশীল মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “যারা শরীর ও মনে এই নৃশংসতার ক্ষত বহন করছেন। সেই সঙ্গে বিশ্বের অন্যান্য অনেক নির্যাতিতের প্রতিও সংহতি প্রকাশ করছি।”
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেওয়া বাণী প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে জানিয়েছে বাসস।
মুহাম্মদ ইউনূস বলেন, “২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার স্বৈরশাসনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্নমতাবলম্বী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে নির্যাতন ও দুর্ব্যবহার দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সময়ে আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি, আটক এবং নির্যাতন চালানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আমাদের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত, রাজনীতিকে কলুষিত এবং সমাজের একটি অংশকে বিষাক্ত করেছে।
“সরকার নির্যাতনের এই সংস্কৃতি বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রকৃতপক্ষে আগের শাসনামলের অপরাধীদের বিচার, সংস্কার ও নির্বাচন–এই তিনটি উপাদানের ওপর ভিত্তি করে গঠিত অন্তর্বর্তী সরকারের লক্ষ্যই হলো এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে সব নাগরিক নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন।”
তিনি বলেন, ”ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা অতীতের এই অন্ধকার কর্মকাণ্ড মোকাবিলায় এবং জবাবদিহিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র গড়তে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছি।”
অন্তর্বর্তী সরকারের সই করা প্রথম আন্তর্জাতিক চুক্তিগুলোর মধ্যে একটি হলো ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সনস ফোরাম এনফোর্সড ডিসএপিয়েরেন্স’ বলে তুলে ধরেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ” রাষ্ট্র বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংস্থার দ্বারা অপহরণ বা গোপন আটক এবং তা অস্বীকার করার মতো ঘটনা প্রতিরোধ ও সমাধানে আমরা দায়বদ্ধ।”
অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত কমিশন গঠন করেছে তুলে ধরে তিনি বলেন, যা নির্যাতন, গুম এবং ইচ্ছাকৃত আটকের বিশ্বাসযোগ্য অভিযোগগুলো তদন্ত করবে, বিশেষ করে অতীতের রাজনৈতিক অস্থিরতারসম। এই স্বাধীন কমিশনের দায়িত্ব হলো পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দোষীদের চিহ্নিত এবং প্রতিকার নিশ্চিত করার সুপারিশ করা।
প্রধান উপদেষ্টা বাণীতে বলেন, পুলিশ ও বিচার বিভাগে গভীর সংস্কার চলছে এবং মানবাধিকার, নৈতিক আচরণ এবং জোরজবরদস্তিমুক্ত অনুসন্ধান পদ্ধতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, কারা কর্তৃপক্ষ ও বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
”আটকের প্রক্রিয়ায় বিচারিক তদারকি জোরদার করা হয়েছে। এখন থেকে সব প্রহরাধীন জিজ্ঞাসাবাদ ও আটকের রিপোর্ট ও ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হয়েছে।”
