২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, আনিসুলসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১০জনকে আরো কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক ।

বাকি আসামিরা হলেন- সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক এমপি সাদেক খান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,  আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা , তাজুল ইসলাম তাজু এবং মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী জানিয়েছেন সকালে তাদেরকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

পরে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। 

আসামিদের মধ্যে মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং আনিসুল হককে যাত্রাবাড়ী থানার ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ২ মামলায় সালমানকে, ৪ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, দীপু মনিকে ১টি মামলায় এবং পলককে ১ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। 

২০১৫ সালের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রাজধানীর কাফরুল থানার মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল ও কাফরুল থানা আওয়ামী লীগের সহ সভাপতি তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেপ্তার দেখিয়ে আদালত।