Published : 31 Jul 2026, 05:17 PM
রাজধানীর মধ্যবাড্ডায় দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যুর পর ফিটনেসবিহীন গাড়ির কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
পাশাপাশি লাইসেন্সহীন চালকদেরও সতর্ক করেছেন তিনি।
ডিএনসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে শেফালী বেগম নামের ওই পরিচ্ছন্নকর্মী নিহত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত নিহতের বাসায় ছুটে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
এ সময় ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেন প্রশাসক শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ বলছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে। ওই সময় মধ্যবাড্ডায় সড়ক পরিস্কারের কাজ করছিলেন শেফালি।
সাংবাদিকদের তিনি বলেন, যেসব গাড়ি ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব চালকের লাইসেন্স নেই বা অদক্ষ, বিআরটিএর সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যেসব চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি করেন, তাদের সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
পরিচ্ছন্নকর্মীদের নিরাপত্তা নিয়ে শফিকুল ইসলাম খান বলেন, “তারা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারেন, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এ সময় তিনি ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের পাশে থেকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।
ডিএনসিসির গাড়ি চালনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “গাড়ি চালানোর ক্ষেত্রে যদি কোনো অদক্ষ চালক বা হেলপার গাড়ি চালায়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে তার জানামতে, কোনো সহাকারী কিংবা অদক্ষ চালক ডিএনসিসির গাড়ি চালান না বলেও দাবি করেন তিনি।
নিহতের বাড়ি পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।