আরও নারী গৃহকর্মী নিতে চায় কুয়েত: স্বরাষ্ট্র উপদেষ্টা
“যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ করে দিলে কুয়েত যেন রোহিঙ্গাদের উন্নয়ন ও পুনর্বাসনে আরও বেশি সহযোগিতা করে।”
বাংলাদেশ থেকে কুয়েত আরও নারী গৃহকর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকালে বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আব্দুল ওয়াহাব হামাদাহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, “আমি তাদেরকে নারীর পাশাপাশি আরও পুরুষকর্মী নেওয়ার অনুরোধ জানিয়েছি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও কুয়েতের গভীর বন্ধুত্ব রয়েছে। কুয়েতে প্রায় দুই লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।”
সাক্ষাৎকালে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তা বন্ধের আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাষ্ট্রদূতকে তিনি বলেন, “কুয়েত বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। যুক্তরাষ্ট্র যদি অর্থায়ন বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কুয়েত যেন রোহিঙ্গাদের উন্নয়ন ও পুনর্বাসনে আরও সহযোগিতা করে।”
জবাবে রাষ্ট্রদূত বলেন, কুয়েত মুসলিম ও এশিয়ার মিত্র হিসেবে সবসময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ২০১৭ সালে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কুয়েত সহায়তা করেছিল। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশও ইরাক-কুয়েত যুদ্ধ পরবর্তী পুনর্বাসন ও মাইন অপসারণে কুয়েতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। স্থলমাইন অপসারণে ২৭০ জন বাংলাদেশি সৈন্য নিহত ও ৫৬ জন আহত হয়েছিল বলে স্মরণ করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো চুক্তি নেই। এ ধরনের চুক্তি দ্রুত করা দরকার।
বৈঠকে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, সামরিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সহায়তা, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, ৫ অগাস্ট পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক উন্নতি হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মো. মাহবুবুর রহমান ও যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা) মু. জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
