Published : 06 May 2026, 02:10 PM
দেশের কোনো খেলার মাঠ বা স্টেডিয়ামকে মেলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এছাড়া দেশের আনাচ-কানাচ থেকে খোলোয়াড় তুলে আনতে জেলা পর্যায়ের সবগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক সম্মেলনে বুধবার প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সেশন অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে বিভিন্ন মেলার জন্য খেলার মাঠ বা স্টেডিয়ামগুলো ব্যবহার করতে দেওয়া হয়, এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "আমি দায়িত্ব গ্রহণের পর জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হয়নি। ভবিষ্যতেও এসব মাঠ, স্টেডিয়ামে কোনো মেলা বসতে দেওয়া হবে না। "
স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স সংস্কারের বিষয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "সারা দেশে জেলা পর্যায়ে যতগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স রয়েছে সেগুলো সংস্কারের মাধ্যমে আমরা সচল করতে চাই। সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
"জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে দীর্ঘদিন অকার্যতার কারণে কিছু সংস্কার করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সেসব কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। দেশের যতগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স রয়েছে সেগুলো সংস্কারের মাধ্যমে আমরা সচল করতে চাই। সার্বিকভাবে আমরা এগুলো ব্যবহার করে দেশের প্রতিটি প্রান্ত থেকে খেলোয়াড় তুলে আনতে চাই।"
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা এবং যুব উন্নয়নের জন্য বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন কর্মসংস্থানের নানান উদ্যোগ নেওয়া হয়েছে।
“অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে চলমান রয়েছে, সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, দ্রুত অগ্রগতি হয় এসব বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
"তৃণমূলে যেন যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্য উদ্বোধন করেছেন, একযোগে ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে খেলোয়ার তৈরি তৈরি করতে পারব আশা করছি।"