২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ শোভাযাত্রায় থাকছে জ্যান্ত ঘোড়াও

জ্যান্ত হাতি রাখার পরিকল্পনাও ছিল। কিন্তু হাতি না পাওয়ায় শুধু ঘোড়া নিয়ে আসা হয়েছে।

আনন্দ শোভাযাত্রায় থাকছে জ্যান্ত ঘোড়াও
বর্ষবরণের শোভাযাত্রায় এবার থাকছে আটটি জ্যান্ত ঘোড়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 12:30 PM

'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে মোটামুটি শেষের দিকে বৈশাখের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। 

এবারের শোভাযাত্রায় ২১টি মোটিফের সঙ্গে প্রথমবারের মত থাকছে আটটি জ্যান্ত ঘোড়াও। 

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, “আয়োজন আরও সুন্দর করতে এবার প্রথমবারের মত থাকছে আটটি জ্যান্ত ঘোড়া। 

“আমরা ফ্যাসিবাদের মুখাকৃতিও তৈরি শুরু করেছি। আমরা আশাবাদী যে দ্রুত কাজ সম্পন্ন করতে পারব।”

বর্ষবরণের প্রস্তুতির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা বলছেন, এবারের শোভাযাত্রায় জ্যান্ত হাতি রাখারও কথা ছিল। কিন্তু হাতি না পাওয়ায় ঘোড়া নিয়ে আসা হয়েছে। 

শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। 

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় এ বছর সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফ থাকবে।

গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।

বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি এবারের আয়োজনে থাকবে না, তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই।

এর মধ্যে গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মঙ্গল’ বাদ দিয়ে এবার শোভাযাত্রার নাম হবে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'।

এর আগে গত ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরও পড়ুন

নাম বদলে মঙ্গল শোভাযাত্রা এখন 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'