বিসিডিএস সভাপতি বাচ্চুর পদত্যাগ দাবি ওষুধ ব্যবসায়ীদের
শাহজালাল বাচ্চুর পদত্যাগসহ সারা দেশে প্রস্তাবিত জেলা ও থানা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা।
ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ জালাল বাচ্চুর পদত্যাগসহ ১৭টি দাবি জানিয়েছেন সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা।
বুধবার ঢাকার মিটফোর্ডে বিসিডিএস ভবনে সংবাদ সম্মেলনে তারা দাবি-দাওয়া তুলে ধরেন।
শাহজালাল বাচ্চু বিসিডিএসের সংগঠনের আওয়ামীপন্থি নেতা। গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার হদিস মিলছে না।
বিসিডিএসের কেন্দ্রীয় কমিটির পরিচালক আনোয়ার হোসেন মৃধা বেলু সংবাদ সম্মেলনে বলেন, “বাচ্চু বিসিডিএস নির্বাচনে বিগত সরকারের প্রভাবে একক সিদ্ধান্তে সহসভাপতি পদে নিয়োগ দিয়েছেন। কেমিস্টদের জরুরি দাবি বাস্তবায়ন, যৌক্তিক সমস্যা সমাধান, ওষুধের মূল্য-কমিশনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে ব্যবসায়ীদের ক্ষতি করেছেন। তিনি বহুজাতিক ওষুধ কোম্পানির ডিলার ছিলেন। তাই সাধারণ কেমিস্টদের কোনো দাবি পূরণের সদিচ্ছা তার ছিল না।”
তিনি বলেন, “পালিয়ে যাওয়া বাচ্চুকে অবিলম্বে সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হবে। আগামী ১৯ অক্টোবর হতে যাওয়া সিলেটে পরিচালনা পর্ষদের সভা বন্ধ করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সভা সমিতির বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে করতে হবে।”
সংবাদ সম্মেলনে সংগঠনটির গঠনতন্ত্র সংশোধন করে সারা দেশে প্রস্তাবিত জেলা কমিটি, থানা কমিটি পুনর্গঠন করা, সারা দেশে সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করা, ড্রাগ ও কসমেটিকস আইনে কেমিস্টদের ১০ বছরের জেল ও অর্থ দণ্ড প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়া যেকোনো ওষুধের ক্রয়মূল্য একই হারে নির্ধারণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়ার ক্ষেত্রে ওষুধ শিল্প সমিতির একক নীতিমালা ঘোষণা, পাইকারি ওষুধের লভ্যাংশ কমিশনভিত্তিক করা, নতুন লাইসেন্স ইস্যু বা নবায়ন অনলাইনভিত্তিক করা, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঔষধ শিল্প সমিতি ও বিসিডিএস মিলে লাইসেন্সবিহীন দোকান বন্ধ করা, অনুমতি ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ, সব ওষুধ বিক্রেতাদের জন্য সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক করা, সি-গ্রেডের ফার্মেসি কোর্স চালু, চিকিৎসকরা যেন অনুমোদনহীন ওষুধ, ফুড সাপ্লিমেন্ট না লিখেন সেজন্য ওষুধ প্রশাসনের নির্দেশনা এবং ঔষধ শিল্প সমিতির ওষুধ বিক্রয়ের কমিশন ২৫ শতাংশ করার দাবিও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
এসব দাবি-দাওয়া নিয়ে মিটফোর্ড এলাকায় মানববন্ধনও করেছেন বিসিডিএসের সদস্যরা।
