সরকারি আবাসনে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
ঢাকার মিরপুরের পাইকপাড়া সরকারি আবাসনে লিফট ছিঁড়ে পড়ে তিন জনের আহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
কমিটিকে সাত কার্যদিবসের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন দুই সদস্য হিসেবে কাজ করবেন।
লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম মানা হচ্ছিল কি না এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে বলা হয়েছে ওই কমিটিতে।
এর আগে শুক্রবার সকাল ৬টার দিকে লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় তিনজন আহত হন। তাদের মধ্যে একজনের দুই পা ভেঙে গেছে।
পুরনো খবর:
