পানির দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ
বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নিলে মহাখালী-গুলশান সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
পানি সংকট নিরসন এবং সরু রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের সড়ক অবরোধে আধা ঘণ্টা বন্ধ ছিল ঢাকার মহাখালী থেকে গুলশানে গাড়ি চলাচল।
রোববার বেলা সাড়ে ৪টার দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে বীর উত্তম এ কে খন্দকার সড়ক অবরোধ করে মহাখালীর সি ব্লকের বাসিন্দারা।
আধা ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা বন্ধ থাকায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে।
অবরোধকারী নার্গিস আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় পানির সঙ্কট। টানা ১২ দিন ধরে আমরা এক গ্লাস পানিও পাচ্ছি না। আমরা দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই।”
আরেক নারী সালমা খাতুন বলেন, “এই গরমের দিনে পানি না থাকার যে কী কষ্ট তা ওয়াসার লোকজন বুঝে না। ওয়াসার লোক এসে দেখে গেছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। পানি আসে নাই। এজন্য আমরা রাস্তায় নামছি।”
স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, “মহাখালী সি ব্লকের হাজারীবাড়ির রাস্তাটা এত সরু যে সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সও ঢোকে না। আমরা এই সমস্যারও সমাধান চাই।”
আবু সাইদ নামে আরেক ব্যক্তি বলেন, “আমাদের সমস্যার কোনো সমাধান না আসায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি। নিরুপায় হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি।”
অবরোধ চলাকালে ঘটনাস্থলে আসে বনানী থানার পুলিশ। তারা বিক্ষুব্ধ বাসিন্দাদের সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন।
বেলা পাঁচটার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী সি ব্লকের বাসিন্দারা তাদের এলাকায় তীব্র পানির সংকট নিরসন ও হাজারীবাড়ি এলাকার একটি সরু রাস্তা সংস্কারের দাবিতে সরকারি তিতুমীর কলেজের সামনে বিকেল সাড়ে চারটার পর সড়ক অবরোধ করে। আমরা এসেছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
ঢাকা ওয়াসার মডস অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদ ইলাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় সপ্তাহখানেক সময় ধরে পানির সমস্যা চলছে। সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা।
“গরমের সময় পানির কিছুটা সমস্যা ওই এলাকায় হয়। বিশেষ করে মেইন রাস্তার পাশে যাদের বাসা তারা পানি পান, অন্য এলাকাগুলোয় ঠিকমতো পানি যায় না। লোড শেডিংয়ের কারণে আমাদের পাম্পগুলো ২৪ ঘণ্টা চালাতে পারছি না। এ কারণে পানি সরবরাহে বিঘ্ন হচ্ছে।”
